বার্ন ইনস্টিটিউটে আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মুহাম্মদের বাম পায়ের সঠিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার বাম পায়ের পরিস্থিতি বিবেচনায় এই ইনস্টিটিউটে আনা হয়েছে। 

তিনি আরও জানান, আনু মুহাম্মদের চিকিৎসায় একটি যৌথ অস্ত্রোপচার করা হবে। এই ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নানা স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, ঢামেক হাসপাতালে আনু মুহাম্মদের পায়ের আঙুলে অস্ত্রোপচার শেষে সেখানে তিনি  চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন, তার পায়ের আঙুল গুরুতরভাবে থেঁতলে গেছে। এতে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান বিধান সরকার জানান, অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুলের চামড়া কেটে ফেলা হয়েছে। আঙুল কাটা হয়নি।

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি স্মরণসভায় অংশ নিয়ে রোববার সকালে ঢাকায় ফেরার সময় খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন আনু মুহাম্মদ। নামতে গিয়ে পা পিছলে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।