কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে টানা ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হয়েছে। তবে বনানী ও মহাখালী টোলঘর পুড়ে যাওয়ায় আপাতত এই দুটি টোল প্লাজা বন্ধ থাকবে।
রোববার বিকাল ৩টা থেকে এই টোল নেওয়া শুরু হয়েছে।
ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকালে মহাখালী টোলঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়।
টোলঘর থেকে দুর্বৃত্তরা এসি, কম্পিউটার, ক্যামেরা নিয়ে যায়। পরে আগুন লাগিয়ে দিলে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড।
এদিকে ৫ আগস্ট রাজনিতক পটপরিবর্তনের বিকেল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত যানবাহন চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। অনেকে সেদিন হেঁটেও ঘুরেছেন এক্সপ্রেসওয়ে। বিক্রি হয়েছে চটপটি-ফুচকাও-ঝালমুড়ি থেকে শুরু করে নানা পথখাবার।