পুলিশের সঙ্গে জাপা নেতাকর্মীদের সংঘর্ষ, পণ্ড কর্মী সমাবেশ

কর্মী সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় এলাকা। পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।  

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টায় বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মী সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে। একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। 

অন্যদিকে পুলিশ বলছে, কর্মী সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। বিভিন্ন এলাকা থেকে আসা জাতীয় পার্টির কর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের হামলা করেছে। 

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, কোনো ধরনের অনুমতি না নিয়ে সড়ক দখল করে সমাবেশ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

এদিকে সংঘর্ষের ঘটনার পরপরই ওই এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সংঘর্ষের সময় দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন।