রোজার মাসে দেশের মানুষ ভালো নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে।
রোববার বিকেলে পল্লবীতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, রমজানে মুনাফাখোররা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে। সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে।
জাপা চেয়ারম্যান বলেন, একশ্রেণির মানুষ ভোগ বিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করলে হবে না। বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য। বৈষম্যের শিকার মানুষদের বাচাতে হবে। গরীব মানুষদের বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়ন হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায় বিচার বঞ্চিত এই মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সাধারণ মানুষের পাশে দাড়াতে সরকারকে বাধ্য করবো।
এ সময় জি এম কাদের অভিযোগ করেন, দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয়না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে। ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মত জীবন কাটাবে তা হতে পারে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় প্রধান হুইপ দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের।
