নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেইটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এ কর্মসূচি থেকে তারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিগুলো হলো—
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,
২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৪. সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,
৫. বেতন নির্ধারণে টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্ত করা ও
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্সকে সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে তারা কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন।