দেশে ১০ জনের ৯ জনই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: ড. জিয়াউদ্দিন হায়দার

দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার।
 
রোববার (৭ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন ও হিরোজ ফর অল আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।

ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জনসংখ্যার তুলনায় মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ এখনো অনেক কম। এ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যাতে প্রতি দুই মাসে অন্তত একবার প্রতিটি পরিবার স্বাস্থ্যসেবা পেতে পারে। 

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আইনবিদ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।