যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কনস্যুলার কর্মকর্তাদের সামনে ভুলেও কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করার জন্য তীব্র সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিসাসংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় কোনো কিছু গোপন করার চেষ্টা করলে বা ভুল তথ্য দিলে এর পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। এমনকি জালিয়াতির আশ্রয় নিলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা পর্যন্ত জারি হতে পারে!
দূতাবাস তাদের সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভিসা আবেদনকারীর অতীতে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থেকে থাকলে, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার নেয়ার আগেই সব তথ্য অবগত থাকেন। ফলে সত্য গোপন করার কোনো সুযোগ নেই। কনস্যুলার কর্মকর্তাদের প্রশ্নের শতভাগ সত্য ও সঠিক উত্তর দেয়ার ওপর জোর দিয়ে দূতাবাস জানিয়েছে, সততাই ভিসা পাওয়ার প্রথম ও প্রধান শর্ত।
সতর্কবার্তায় আরও হুঁশিয়ার করা হয়েছে, যদি কোনো আবেদনকারী অসত্য তথ্য দেন কিংবা কোনো ধরনের জাল নথিপত্র) উপস্থাপন করার চেষ্টা করেন, তবে তাৎক্ষণিকভাবে তার ভিসা আবেদন বাতিল করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে তিনি যাতে কখনোই আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা ব্ল্যাকলিস্ট করা হতে পারে। তাই ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে কোনো প্রলোভনে না পড়ে একমাত্র সত্য ও নির্ভুল তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।