উদ্ধার হলো পাটুরিয়া ৫নং ফেরিঘাটের কাছে পদ্মায় ডুবে যাওয়া ফেরিটি। ১৪ দিন পর আজ মঙ্গলবার (৯ নভেম্বর) রো রো আমানত শাহ নামের ফেরিটি উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে চেষ্টা চললেও ফেরিটি উদ্ধারে ব্যর্থ হয় বিআইডব্লিউটিএ। পরে দুই কোটি টাকার বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের চুক্তি হলে টানা নয় দিনের চেষ্টায় ফেরিটি উদ্ধার হয়।
উদ্ধারকারী প্রতিষ্ঠানের সিইও বদিউল আলম গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। আগামী দুই দিন ফেরিটি পর্যবেক্ষণে থাকবে। তারপর বিআইডব্লিউটিএ হয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া ফেরির তলদেশে থাকা তিরিশটির মতো বড় ছিদ্র রাবার ও লোহার পাত দিয়ে মেরামত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে উদ্ধারকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অজয় দেবনাথ জানান, তাদের প্রতিষ্ঠানের ডিবি মেরিন স্যালভেজ-১, ডিবি মেরিন স্যালভেজ-২, ডিবি মোহনা-১, ডিবি মোহাম্মদ-১, ডিবি মোহাম্মদ-২ নামে পাঁচটি উইন্স বার্জ দিয়ে টানা নয়দিনের চেষ্টায় ডুবন্ত ফেরি উদ্ধার সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: সন্তানের সাথে চেহারায় অমিল, ডিএনএ টেস্টে বের হলো সত্য
ডুবে থাকা ফেরিটি পুরোপুরি উদ্ধারের পর এখন উদ্ধারকর্মী দিয়ে ভেতরে থাকা কাদামাটি, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান।
বুঝিয়ে দেওয়ার পর ফেরিটি চলবে কিনা তার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে ডুবে থাকা ফেরিটির সবগুলো ইঞ্জিনসহ অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো ঠিক করতে হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে ফেরির ভেতরে আটকে থাকা যান উদ্ধারে জাহাজ রুস্তম ও হামজাকে আনা হয়। এ ছাড়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার কথা থাকলেও তা কোনো কাজে লাগবে না পরে আর তা আসেনি। শেষে চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে দুই কোটি টাকা চুক্তিতে ফেরিটি উদ্ধার কাজের দায়িত্ব দেওয়া হয়।
একাত্তর/টিএ