সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে চারটি রিসোর্ট, দুইটি রেষ্টুরেন্ট ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই।
তিনি জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত চারটার দিকে অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট ও জাকারিয়া লুসাইয়ের বাসায়। এসময় নির্মানাধীন একটি রিসোর্টও পুড়ে যায়।
আরও পড়ুন: কাউন্সিলর হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
একাত্তর/টিএ