নীলফামারীর সোনারায়ে র্যাবের অভিযানে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান আহিদুল ইসলাম আহিদসহ পাঁচ জঙ্গীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পলাতক জঙ্গি শরীফসহ ছয় জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে র্যাব। রোববার সকালে র্যাবের পক্ষে বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলাটি দায়ের করেন র্যাব-১৩ রংপুরের ডিএডি আব্দুল কাদের।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় জাওয়াদের আঘাতে জেলেপল্লীর ব্যাপক ক্ষতি
নীলফামারী থানা পুলিশ জানায়, শনিবার সকালে জেলা সদরের সোনারায়ের মাঝাপাড়ার শরিফুল ইসলাম শরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি শক্তিশালী বোমা, বোমা তৈরীর সরঞ্জাম, বিষ্ফোরক, পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে র্যাব। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জেএমবি সদস্য শরিফ আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত বোমাটি বিষ্ফোরণ ঘটায় র্যাবের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা। এর আগে সোনারায় ও সংগলশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিএমবি রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান আহিদুল ইসলাম আহিদসহ পাঁচ জঙ্গীকে আটক করা হয়।
একাত্তর/টিএ