বিদ্রোহীদের 'হাড্ডি ভেঙে দিতে' নেতাকর্মীদের প্রতি নির্দেশ

বিদ্রোহী প্রার্থীদের হাত-পা ভেঙে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসিনা দৌলা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। সাবধান হয়ে কিন্তু আপনারা আপনাদের মার্কায় ভোট চাইবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের (বিদ্রোহী প্রার্থী) বসাইয়া দেবেন। এই যে পায়ের হাড্ডি আছে না, হাড্ডি ভেঙে দেবেন। হাতের কবজি ভেঙে দেবেন। পায়ের যদি নলি ভেঙে দেন হাঁটতে পারবে না। 

আরও পড়ুন: অবশেষে ট্রাক থেকে ফেলে হত্যায় মামলা নিলো পুলিশ 

বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হাসিনা দৌলা বলেন, আমাদের সরকারি সংস্থাগুলো আপনাদের হাঁটতেও দেবে না, আপনাদেরকে ভোট চাইতেও দেবে না। এমনকি ভোট দিতেও দেবে না। কষ্ট করে কিচ্ছু হবে না।

তিনি বলেন, টাকা বেশি হয়েছে তো, অর্থ উপার্জন করেছেন 'ইয়ে' উপায়ে সেজন্য ওই টাকার মর্ম নাই আপনাদের কাছে। আপনি যে দাঁড়িয়েছেন বিরোধী দলে, আপনাকে কতজন চেনে। আমি আপনাদের খোঁজখবর নিয়েছি। আপনাদের সম্বন্ধে রিপোর্ট ভালো না। সুতারাং যদি সময় থাকে আজ রাতের মধ্যেই বসে আমাদের টেলিফোনের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে জানিয়ে দিন। আমরা আপনাদের বহিষ্কার করব না।  

এ সময় বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সাভারের ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 


একাত্তর/এসজে