ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ধর্মঘটের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ময়মনসিংহের ছয় জেলায় দূরপাল্লার বাস চলাচল। ফলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের সঙ্গে ঢাকাসহ সারা দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় ধর্মঘট। সকাল থেকে ঢাকামুখী কোনও যানবাহন টার্মিনাল ছেড়ে যায়নি। 

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ জানান, অনেকদিন ধরেই গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে উন্নয়ন কাজ চলছে। সড়কটির উন্নয়ন কাজ রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দও রয়েছে। 

কিন্তু সড়কটিতে গাড়ি চলাচলের জন্য দৃশ্যমান কোন কাজ করা হচ্ছেনা। খানাখন্দে ভরা ওই সড়কে প্রতিদিন বাস চলাচল করে তাদের প্রায় চার কোটি টাকার তেল এবং গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

এর আগে গত ২ জানুয়ারি এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তারা। কিন্তু তারপরও সড়কটি যান চলাচলে উপযোগী না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

এদিকে, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটের কথা আগে থেকে না জানায় অনেকেই বাস টার্মিনালে এসে বাস চলাচল বন্ধের কথা জানতে পারেন। এতে দুর্ভোগে পড়তে হয় তাদের।

অনেকে আর কোনো উপায় না পেয়ে বিকল্প পথে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। এতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। 


একাত্তর/এসজে