নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পালিয়ে আছে তার স্বামী।
সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সোমবার (২৪ জানুয়ারি) রাতে মিজমিজি পূর্বপাড়া এলাকার হক ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত মুক্তা বেগম আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টেস এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকরি করত। তারা হক ভিলার নিচ তলায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: আবারও জামিন পেতে বিফল হলেন বাবুল আক্তার
পুলিশ জানায়, সোমবার রাতে নিহতের খালাকে সোহাগ ফোন করে জানায় মুক্তাকে সে হত্যা করেছে। এরপর পুলিশ গিয়ে বাড়ির দরজার তালা ভেঙে মুক্তার লাশ উদ্ধার করে।
বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ জানান, সোহাগের ফোন পেয়ে মেয়ের চাচাকে জানানো হয়েছে। তাদের মধ্যে কখনও পারিবারিক ঝগড়াঝাঁটি করতে দেখেননি বলে দাবি করেন তিনি।
লাশটির হাত, পা ও মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছে।
একাত্তর/এসজে