ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নাইম হোসেন নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তুষার হোসেন নামে আরও এক রংমিস্ত্রি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আহত তুষার হোসেন একই গ্রামের আলহাজ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় একটি বাড়িতে রংয়ের কাজ করছিলেন নাইম ও তুষার।
আরও পড়ুন: কঙ্কালচোর ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
এসময় বাড়িটির পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের তারে স্পর্শ লেগে গুরুত্বর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম হোসেন মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আফরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগে নাইম হোসেন মারা যান। এছাড়াও আহত তুষারের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে যশোরে স্থানান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে