আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, করোনা মহামারীর কারণে গতবছর প্রস্তুতি থাকা সত্ত্বেও অমর একুশে বইমেলা করা সম্ভব হয়নি। এ বছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সিদ্ধান্তের আলোকে বইমেলা আয়োজনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে সম্মেলন কক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২২’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র আরও বলেন, বইমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এছাড়া করোনা অতিমারির কারণে মানুষ বাসায় বন্দী থাকতে থাকতে হাঁফিয়ে উঠছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং বইমেলা শুরু হলে জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হয়ে উঠবে বইমেলা।
আরও পড়ুন: একাত্তরে গণহত্যার দায়ে পাকিস্তান সেনাবাহিনীর বিচার চায় ভারত
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস না করে তাদের প্রকাশিত বই মেলায় যাতে স্থান না পায় সে ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম সবসময় নানাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। অনেক গৌরব-গাঁথায় সমৃদ্ধ চট্টগ্রামের ইতিহাস। এই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন, সে প্রস্তুতি গ্রহণ করেছে চসিক।
বার্তা সংস্থা বাসস জানায়, মতবিনিময় সভায় সেখানে আরও বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ।
একাত্তর/আরবিএস