সূর্যের দিকে মুখ করে থাকে আর কিছুটা সূর্যের মতো দেখতে সূর্যমুখী ফুলের সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্বেরই ফুল প্রিয় মানুষ। শুধু ফুল হিসাবে নয়, তেলের অন্যতম উৎস সূর্যমুখী।
সেই ১৯৭৫ সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে।
তারই ধারায় নরসিংদীতেও জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী ফুলের চাষ। অল্প খরচে লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই ফুল চাষে।
অন্যদিকে, সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এতে করেও বাড়তি আয় করছেন এই ফুলের চাষিরা।
নরসিংদী শহরের মেঘনা নদীর তীরে নাগরিয়াকান্দি এলাকার মাঠজুড়ে ফুটে আছে সূর্যমুখী। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজের মাঝে হলুদের সমাহার।
যেখানে হাজারো ফুলপ্রেমী প্রতিদিন জড়ো হন সূর্যমুখী বাগানের সৌন্দর্য দেখতে। যতদূর চোখ যায়, সূর্যের দিকে মুখ করে হাসছে সূর্যমুখী।
বর্তমানে এই ফুলের বাগান আশেপাশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পুরো দিনই হচ্ছে মানুষের সমাগম।
দৃষ্টিকাড়া ফুলের মধ্যে দর্শনার্থীরা মুঠোফোনে বন্দী করছেন প্রিয় মুহূর্তগুলো। সেলফি, গ্রুপ ছবি তো আছেই। আর সেই নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: পর্যটনের নতুন সম্ভাবনা দেখাচ্ছে জাহাজমারা দ্বীপ
বাগান মালিক তৌহিদুল ইসলাম মাসুম জানান, শুরুতে ব্যক্তিগত ভাবে ফুলের চাষ শুরু হলেও গত বছর থেকে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে জেলায়।
সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত ভোজ্যতেল পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এর চাহিদাও বেড়েছে। তাই জনপ্রিয় হয়ে উঠছে ফুলের আবাদ।
তিনি জানান, সূর্যমুখী ফুলের শখ থেকেই তার আগ্রহ জন্মে। মূলত তেল আর গরুর খামারের জন্য খৈল তৈরিতে ৯ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন তিনি।
প্রতি বিঘা জমিতে সূর্যমূখী চাষ করতে খরচ হচ্ছে ২০ হাজার টাকা। আর এ থেকে লাভ আসছে দ্বিগুণ। তাই অনেকেই আগ্রহী হচ্ছেন সূর্যমূখী চাষে।
নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: ছাইদুর রহমান বলেন, এবার নরসিংদী জেলাতে ২৫ বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে।
যার মধ্যে নরসিংদী সদর উপজেলা ১০ বিঘা জমি রয়েছে। সূর্যমুখী ফুল অল্প পরিশ্রমে চাষ করা যায়। সূর্যমুখী ফুলের গাছে রোগবালাই খুব কম হয়।
এ ফুলের বাগান তৈরিতে খরচ হয় বিঘা প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা। এ ফুলের বীজ থেকে তেল তৈরি হয়। এতে থাকা লিনোলিক এসিড ভালো রাখে হৃদপিণ্ডকেও।
সূর্যমুখী ফুলের বাগান যাতে আরও বৃদ্ধি পায় এবং ভোজ্যতেলের চাহিদা মেটাতে উদ্যোক্তাদের কৃষি বিভাগ থেকে উৎসাহ করা হচ্ছে এবং সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
একাত্তর/এসজে