জেব্রার মৃত্যু: সাফারি পার্কের দুই কর্মকর্তাকে প্রত্যাহার

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত পার্কটিতে জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ বের করতে এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করার জন্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্বরতদের প্রত্যাহার ও বদলি করা হয়েছে।

আরও পড়ুন: বাঘ ও জেব্রার মৃত্যুর পেছনে মারাত্মক পাঁচ ব্যাকটেরিয়া

তাদের প্রত্যাহার করে ঢাকায় বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তাদের স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ, ফরিদপুর সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলাহাজরা, কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেজানিয়েছে মন্ত্রণালয়।


একাত্তর/টিএ