গাজীপুরে চলছে কওমি মাদ্রাসা ও কোচিং সেন্টার

করোনার সংক্রমণ ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হলেও গাজীপুরে চলছে কওমি মাদ্রাসা। সেখানে স্বাস্থ্যবিধি মানারও কোন বালাই নেই। 

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, বন্ধ রাখার ব্যাপারে নির্দেশ পাননি তারা। অন্যদিকে নির্দেশ অমান্য করে নগরীতে চলছে কোচিং বাণিজ্যও। 

সরকারি নির্দেশে সংক্রমণ রোধে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু গাজীপুরে সব নির্দেশ অমান্য করেই চলছে কওমি মাদ্রাসার কার্যক্রম।

নগরের তেলিপাড়া, নগপাড়া, লক্ষ্মীপুরা, ইটাহাটা, নাওজোর, ভোগড়াসহ বিভিন্ন এলাকায় খোলা রয়েছে কওমি মাদ্রাসা। এছাড়া নানা কৌশলে কিছু স্কুল ও কোচিং সেন্টারও খোলা রয়েছে। 

আরও পড়ুন: টাকার লোভেই ৩৪ বছরের পুরনো গৃহকর্মীর হাতে খুন হন কর্ত্রী

গাজীপুর জেলায় কমপক্ষে ৮০০ কওমি মাদ্রাসা রয়েছে। আর এই মাদ্রাসাগুলো বন্ধ রাখার কোনো নির্দেশনা পায়নি বলে দাবি করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

এদিকে খোলা রাখা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সেদিকে নজর নেই কারো। জেলা প্রশাসক বলছেন, কওমি মাদ্রাসা মনিটরিং করার ব্যবস্থা নেই। 

সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। যা পরে আবারও দুই সপ্তাহ বাড়ানো হয়। 


একাত্তর/এসজে