সিরাজগঞ্জের পৌর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার চর রায়পুর মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩০)। তিনি মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মো. সুজাবত আলীর ছেলে। পেশায় রহমান মুরগির খাদ্য বিক্রেতা ছিলেন।
নিহতের ভগ্নিপতি বাবু সেখ জানান, প্রায় ১৫ দিন ধরে চর রায়পুর মহল্লার বাবু মোল্লার ছেলে লাহুর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। মঙ্গলবার কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন রহমান। তিনি চর রায়পুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পিঠের দিকে ছুরিকাঘাত করা হয়েছে। কী কারণে এই হত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
একাত্তর/এসি