গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার থানার বাছির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৮)।
আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপূর্ব একটি বেসরকারি কলেজে অধ্যয়ন করার পাশাপাশি পার্টটাইম জব করতেন।
আরও পড়ুন: বিয়েতে পাওয়া মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নবদম্পতি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।
তারা বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
