কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শোকর্যালীতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারী কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সোহরাব উদ্দিন সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিতে যান। এসময় বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থক ও সোহরাব সর্মথকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচ জন আহত হয়।
এদিকে সংঘর্ষের এ ঘটনায় একে অন্যকে দোষারোপ করছেন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতেই স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা আমাদের শোকর্যালিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিক নিহত
এ বিষয়ে সংসদ সদস্য নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার অনুসারী জেলা শ্রমিক লীগের উপদেষ্ঠা আতিকুল্লাহ খান মাসুদ জানান, বিনা উস্কানিতে সোহরাব উদ্দিনের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িসহ বেশকয়েকটি বাড়ি ভাংচুর করেছে বলে তিনি জানান।
পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
একাত্তর/টিএ