চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
একইসঙ্গে তাদের কাছ থেকে চুরি করা ৯ টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপপুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ আলমগীর হোসেন ও মোঃ নাহিদুল ইসলামের কাছ থেকে একটি কালো রংয়ের বাজাজ কোম্পানির চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গণটিকা চলবে আরও দুই দিন
এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের বাকি সদস্যসহ মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে সিএমপির সিনিয়র সহকারি পুলিশ কমিশনার আরিফ হোসেন হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
একাত্তর/টিএ