চট্টগ্রামে টিসিবির দুই হাজার লিটার সয়াবিন তেল, পাঁচশ কেজি ডাল ও পাঁচশ কেজি চিনিসহ তিন জনকে আটক করেছে র্যাব।
বন্দরনগরীর সিমেন্ট ক্রসিং এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার হয় এসব পণ্য। এ সময় পণ্য মজুদকারী টিসিবির ডিলারসহ তিন জনকে আটক করা হয়।
বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই এলাকায় মো. রাশেদের গুদামে মজুদ করে রাখা হয় তেল, ডাল, চিনিসহ টিসিবির বিভিন্ন পণ্য। এমন খবরেই ভিত্তিতেই অভিযান চালায় র্যাব।
মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাত থেকে সকাল দশটা পর্যন্ত টিসিবির ডিলার মোহাম্মদ রাশেদের গুদামে র্যাব সদস্যরা এ অভিযান চালানো হয়। আটক হয় ডিলারসহ তিনজনকে। উদ্ধার তেল, ডাল, চিনি।
র্যাব-৭ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ মোস্তফা জামান জানান, টিসিবির ডিলার রাশেদ ন্যায্যমূল্যে বিক্রির জন্য নেয়া পণ্য অবৈধভাবে ওই গুদামে মজুদ করছিলেন।
সেখানে দুই হাজার লিটারের মতো সয়াবিন তেল, হাজার কেজির ওপর ডাল ও চিনি পাওয়া গেছে। বিপুল পরিমাণ চালও পাওয়া গেছে, সেগুলো টিসিবির কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানের পর গাউছিয়া স্টোরের মালিক জসিম সওদাগর, টিসিবির ডিলার রাশেদ ও নুরুউল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা নগর পরিবহনের রুটে চলছে অন্য কোম্পানির বাসও
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এসব চক্রের বিরুদ্ধে অভিযান চালু রাখবে।
আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা এভাবে অবৈধ পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি নির্বিঘ্ন রাখতে এধরণের অভিযান চালু রাখার জন্য বলেছেন, সাধারণ ভোক্তারা।
একাত্তর/আরএ