বাংলাবাজার-শিমুলিয়ায় মানুষের ঢল, তৎপর প্রশাসন

ঈদে ঘরমুখো দক্ষিণের মানুষের ঢল নেমেছে বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে। শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই করে বাংলাবাজার ঘাটে আসছে স্পিডবোট, লঞ্চ ও ফেরিগুলো। এদিকে নৌযানগুলো যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে সেজন্য তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানাও।

শনিবার (৩০ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী বহন করায় এমএল সাথী নামের একটি লঞ্চকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই লঞ্চের ধারণ ক্ষমতা ৭০ জন থাকলেও সেটি ১৪০ জন যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাটে এসেছিল। 

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ওই লঞ্চের যাত্রীদের ঘাটে নামানো হয়। 

অপরদিকে বরিশালগামী বাস বিএমএফ-এর বাস কাউন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাহের। 

যাত্রীদের অভিযোগ, লঞ্চে শিমুলিয়া থেকে বাংলাবাজার আসতে বেশি ভাড়া লাগছে না। তবে স্পিডবোটে শিমুলিয়া থেকে বাংলাবাজার আসতে দেড়শ’র পরিবর্তে দুইশ’ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়াও বাংলাবাজার ঘাট থেকে বরিশালগামী বাসগুলো দুইশ’র জায়গায় তিনশ’ টাকা করে ভাড়া নিচ্ছে। 

আরও পড়ুন: সড়কের অবস্থা ভালো, ঈদযাত্রা এবার স্বস্তিতে হচ্ছে: কাদের

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য ঘাট এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঘাট এলাকায় সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, নৌ পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই অথবা অতিরিক্ত ভাড়া আদায় করা হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। ঈদের আগে ও পরে  ঘাটে কোনো অনিয়ম দেখা দিলে অব্যাহতভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি