বাগেরহাটের শরণখোলায় গাছ বোঝাই নছিম উল্টে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের পুলিন বৈদ্যর বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল পহলানবাড়ি এলাকায় নূরু শাহর ছেলে।
আহতরা হলেন, রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের মামুন শরীফ (৩০) এবং উত্তর রাজাপুর গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০)।
তাদের দু’জনকে গুরুতর অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শ্রমিক উত্তর রাজাপুর বটতলা থেকে গাছ বোঝাই করে হোগলপাতি এলাকায় স’মিলে (করাত কল) নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিন বৈদ্যর বাড়ির সমানে এলে সামনের চাকা পাংচার হয়ে গাছ বোঝাই নছিমন খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক রফিকুল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: ঈদযাত্রায় ফেরিতে ৭৪ হাজার গাড়ি পার, আয় সাড়ে ৫ কোটি
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহত রফিকুলের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ