নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

ঘূর্ণিঝড় অশনির কারণে নদী উত্তাল থাকায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া দ্বীপের সঙ্গে সারা দেশের নৌ-চলাচল বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মে) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সেলিম হোসেন। এতে করে দুর্ভোগে পড়েছে হাতিয়া থেকে ঢাকা, চট্টগ্রাম,নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীরা।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম হোসেন রাত আটটার দিকে একাত্তরকে জানান, নদী উত্তাল থাকায় সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে। রাতে এমনিতেই সব প্রকার নৌবাহন বন্ধ থাকে। এছাড়া মাছ ধরার সকল প্রকার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ইউএনও'র গাড়ির চাপায় সাংবাদিকের মৃত্যু

তিনি আরো জানান, দ্বীপ উপজেলা হাতিয়ার ওপর দিয়ে সকাল থেকে দমকা হাওয়া ও  বর্ষণ অব্যাহত থাকলে রাতে আবহাওয়া কিছুটা ভালো আছে। এমন থাকলে আগামীকাল নৌ চলাচল করতে পারবে।


একাত্তর/আরএ