মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকবাংলো সংলগ্ন সড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর নবী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়ে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।
আহতরা হলেন- অটোচালক তুষার (১৭), যাত্রী জিহাদ (১৮) ও রুবেল (২৫)। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় তুষারকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপর দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শ্রীনগর বাজার থেকে উপজেলার ছনবাড়ির দিকে যাচ্ছিলো অটোরিকশাটি।
পথে ডাকবাংলো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাস্তার পাশে চার্জ দেয়া ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুজ্জামান জানান, ট্রাক-অটোরিকশার ঘটনায় ঘাতক ট্রাক জব্দ ও চালক বাবলুকে (২৭) আটক করা হয়েছে।
এদিকে, এর আগে সকাল ৯টার দিকে উপজেলার মাশুরগাও এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুত্বর আহত হন আবুল কালাম আজাদ (৪০) নামের এক নিরাপত্তাকর্মী।
পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উত্তর মাশুর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।
হাসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদ জানান, মাশুরগাও দুর্ঘটনার পর গাড়িটি তাৎক্ষণিক পালিয়ে যায়। নিহত আজাদের মরদেহ থানার আছে।
একাত্তর/এসজে