মেহেরপুরে জিহাদি বইসহ দুই জামায়াত কর্মী আটক

মেহেরপুরের সদরের হিজুলি গ্রাম থেকে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে সদর থানা ও ডিবি পুলিশের দু’টি দল।

অভিযানে আটককৃতরা হলো ঐ গ্রামের ফয়জেল মালিথা (৬২) ও ছাবেদ আলী (৫৮)। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, সদর উপজেলার হিজুলী গ্রামে জামায়াত নেতা জব্বারের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় সদর থানা ও ডিবি পুলিশের দু’টি দল। সেখান থেকে দুই জামায়াত নেতাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইসলামী জিহাদি বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জামায়াত কর্মীদের তালিকাসহ দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো