ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধে অভিযুক্ত ডিবি পুলিশের ভুয়া ওসিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবীব খান।
গ্রেপ্তাররা হলেন- ভুয়া ওসি লুকমান হোসেন, মো. গোলাম হোসেন ও মো. হাবিবুর রহমান (বাবু)।

পুলিশ সুপার বলেন, সংঘবদ্ধ গ্রুপটি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও তার আশপাশের এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সাথে নানা অপকর্ম করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত বুধবার কেরানীগঞ্জ মডেল থানার একটি অপহরণ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি খেলনা ওয়াকিটকি, একজোড়া স্টিলের তৈরি হ্যান্ডকাফ, একটি সিগন্যাল লাইট, দু'টি ডিবি পুলিশের পোষাক ও নগদ চল্লিশ হাজার টাকা জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।
হাতিরপুলে বহুতল ভবনে আগুন