বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশে গর্তের মাঝে জমে থাকা পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় ভাটরা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হোসেন (৩) খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে।
নিহতের চাচা মামুন জানান, সকালবেলা তিনি ও তার ভাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যান। ঘণ্টাখানেক পর বাড়ি থেকে ফোন করে জানানো হয় আব্দুল্লাহ পানিতে পড়ে মারা গেছে।
আব্দুল্লাহর মা খাদিজা খাতুন জানান, আব্দুল্লাহর বাবা সকালবেলা ভ্যান নিয়ে বাইরে চলে যান। তিনি বাড়ির ভিতরে কাজ করছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জের সলঙ্গায় হোরোইন ও ইয়াবাসহ আটক দুই
এমন সময় আব্দুল্লাহ খেলতে খেলতে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ আব্দুল্লাহকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তের পানিতে তার জুতা ভাসতে দেখেন পরিবারের লোকজন। তখন সেখানে নামলে আব্দুল্লাহ লাশ খুঁজে পান তারা।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক আবদুস সালাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসজে