সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইনসহ শ্রী নিমাই সিং (৪৪) ও ধোপাকান্দি ব্রিজ এলাকা থেকে এক হাজার ৩৭০ ইয়াবাসহ মো. মোস্তফা কামাল রুবেল (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পানিহার গ্রামের ছেলে শ্রী নিমাই সিং ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নয়নপুর গ্রামের মো. মোস্তফা কামাল রুবেল।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার নাটোর-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে শ্রী নিমাই সিংকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম হোরোইনসহ (যার মূল্য ২০ লাখ) উদ্ধার করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল এবং নগদ এক হাজার বিশ টাকাও জব্দ করা হয়।
তিনি আরও জানান, আরেক অভিযানে ধোপাকান্দি ব্রিজ এলাকার নিউ লাম মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে মো. মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ৩৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয় তার কাছ থেকে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
