যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে, শ্বাসরোধ করে ও গোপনাঙ্গ কেটে এক ধানকাটা শ্রমিককে হত্যা করা হয়েছে।
রোববার (২৯ মে) রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন। নিহত নকিম উদ্দিন (৬০) বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য তিনজন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন কৃষক বেনজির আহম্মেদ।
এদের মধ্যে একজন রোববার বিকালে চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে বেনজিরের বাড়ির একটি কক্ষে ঘুমাতে যান।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
সোমবার সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে বেনজির ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে গিয়ে তিনি দেখেন চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন ও অপরজন পালিয়ে গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে ধরার জন্য অভিযান চলছে।
একাত্তর/এসজে