প্রকৌশলীকে চাপা দেয়া ট্রাকের চালক গ্রেপ্তার

বাগেরহাটে ট্রাকচাপায় মশিউর রহমান (৪৫) নামের এক প্রকৌশলী নিহতের ঘটনায় ট্রাকচালক মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুর্ঘটনার দশদিন পরে শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার গাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান। 

জানা গেছে, আটক মিজানুর রহমান রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার শেখের ছেলে। মিজান মূলত ওই ট্রাকের হেলপার ছিলেন। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানুর রহমান প্রকৌশলী মশিউর রহমানকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে, গত ২২ মে সকালে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজার ব্যারিকেড ভেঙে ওই প্রকৌশলীর মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হন প্রকৌশলী মশিউর রহমান। তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত মশিউর রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার মৃত আ. মজিদের ছেলে। সে বাগেরহাটে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক)  প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


একাত্তর/জো