সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) সকাল আটটার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

চরজব্বার থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুন) রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, নিহতের পরনে লুঙ্গি ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। তার মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।

উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  


একাত্তর/জো