বিএনপির হামলায় পাঁচ পুলিশ আহত, আমতলীতে আটক ১৩

বরগুনার আমতলী উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি, ছাত্রদল, যুবদলের হামলায় পুলিশের এক এসআই, তিন এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছে। তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন -এসআই দাদন মিয়া (৪৩), এসআই শহীদুল আলম হাওলাদার (৪৮), এএসআই কামাল উদ্দিন মিয়া (৩৮), এএসআই সোহরাব (৩৪) ও কনস্টেবল কবির খান (৪০)।

ঘটনার পরপরই পুলিশ বিএনপি অফিসসহ এর আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে বিএনপির উপজেলা সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিরু, যুবদলের সদস্য কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারসহ ১৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: একাত্তরে সংবাদ প্রচারের পর ভূমিদস্যুদের নামে মামলা

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের একটি টিম যাচ্ছিলো, এ সময় হঠাৎ জেলা বিএনপি সভাপতির নেতৃত্বে ছাত্রদল-যুবদল একত্রিত হয়ে হামলা করে। এলোপাতাড়িভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মোবাইলে ফুটেজ দেখে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ