জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দি, বাড়ছে নদী ভাঙন

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, বাড়ছে নদী ভাঙন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে  নিম্মাঞ্চলের বিভিন্ন ফসলের মাঠ। কোনো কোনো এলাকায় নদী ভাঙনের খবরও পাওয়া গেছে।

অপরদিকে জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল ও নগদ এক লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

সূত্রটি আরও জানায়, পরিস্থিতি মোকাবেলায় ৮০টি মেডিক্যাল টিম, ৪৬১টি আশ্রয় কেন্দ্র ও চার হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।


একাত্তর/এসি