নিখোঁজের দুই দিন পর বগুড়ার শাজাহানপুরে নওফেল (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার খরনা দাড়িগাছা এলাকার একটি বিদেশি ঘাসের আবাদী জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানায় স্বজনরা।
নিহত নওফেল উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছাহাটপাড়া গ্রামের ইসরাফিল টিক্কার ছেলে। তিনি দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, গত ২ দিন আগে থেকে সে নিখোঁজ ছিলেন। এরপর থেকে তার পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে।
আরও পড়ুন: সিলেটজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়, খাবারের আশায় লাখো বানভাসি
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ