নেত্রকোণায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

নেত্রকোণায় স্ত্রী ঝুমা রাণী দাসকে (২৫) হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানকে (৪০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২২ জুন) দুপুরে নেত্রকোণায় জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বীরবল চৌহান সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার রাম সিংহ চৌহানের ছেলে এবং জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে বীরবল চৌহান তার ঝালমুড়ির দোকানের পেঁয়াজ কাটার ছুরি দিয়ে স্ত্রী ঝুমার শরীরে এলোপাতাড়ি আঘাত করতে  থাকে। এতে করে ঝুমা রানী দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় এলাকার লোকজন বীরবল চৌহানকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় ওই দিনই ঝুমা রানী দাসের মা হেনা রানী দাস বাদী হয়ে বীরবল চৌহানের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন। 

পুলিশ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দিলে বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ ও অ্যাডভোকেট কমলেশ চৌধুরী এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলুয়ারা বেগম।

একাত্তর/ এনএ