সিরাজগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারের খুঁটির নিচ থেকে বিদ্যুতায়িত হয়ে মৃত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতি গ্রাম থেকে যুবকের লাশ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি। আরও ধারনা করা হচ্ছে, এ ঘটনায় দুই জন পালিয়ে গেছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সকালে ওই জায়গায় ট্রান্সফরমারের নিচে এক ব্যক্তির মরদেহ ও অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চুরি করা ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়। নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নিরাপত্তা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে উৎসুক জনতা
বাগবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ধারনা করা হচ্ছে চার জনের একটি চোরের দল এর সঙ্গে জড়িত। একজনের মৃত্যু হলেও বাকিরা পালিয়ে গেছে। আহত ব্যক্তি সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে।
একাত্তর/এসজে