শীতলক্ষ্যায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাত বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাশপট্টি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আলামীন (৭) বরিশালের মেহেদীগঞ্জ থানাধীন জাঙ্গালীয়া এলাকার কামাল হোসেনের ছেলে।  

নিহতের পিতা কামাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তিনি ছেলে আলামীনসহ তার পরিবারের লোকজন নিয়ে আলামীনের খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। বুধবার সকালে বরযাত্রী যাওয়ার কথা ছিল আলামীনের। বাড়ির সবার সাথে হলুদ মাখামাখি করে বাড়ীর পাশের শীতলক্ষ্যা নদীতে একাই গোসল করতে নামলে পানিতে ডুবে যায় আলামীন। 

পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামীনকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো