নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ অভিযানটি পরিচালনা করেন।
অভিযুক্ত বালু ব্যবসায়ীর নাম মো. আবুল হোসেন (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
স্থানীয় জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্নস্থানে বিক্রি করতেন।
আরও পড়ুন: মদবোঝাই কনটেইনার জব্দের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ বলেন, আবুল হাসেম অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। আজ অভিযান চালিয়ে তার খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একাত্তর/আরএ