নিখোঁজের তিনদিন পর শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিনদিন পর হুমায়রা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় মৃধাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শিশুর পিতা দুলাল মিয়া জানান, সোমবার (২৫ জুলাই) আমার বড় ছেলে সজিবের স্ত্রী বৈশাখীর সঙ্গে আমার মেয়ে হুমায়ারা বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি। তারপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। স্বজনদের বাড়ীতে ও আশেপাশে সন্ধান করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয় বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, সকালে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি কাঠবাগানে স্থানীয় এক ব্যাক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তাদের খবর দেন।

আরও পড়ুন: কন্যাশিশুকে পিষে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় সন্দেহভাজন হিসেবে নিহতের ভাই সজিব, ভাবি বৈশাখী ও বৈশাখীর মা সেতারা বেগমকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো