ডাকাতিয়া নদীতে ট্রলার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার

১০ কেজি গাজাসহ এক নারীকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযানে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে একটি ট্রলার থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়। 

জানা গেছে, আটককৃত মাদক কারবারিরা হলেন পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফার ছেলে মোখলেছ খলিফা (৫০) ও বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা গ্রামের মৃত মোখলেছ হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জব্দকৃত ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে র‍্যাব। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিসবাহ জানান, ট্রলারটি পুলিশের হেফাজতে রয়েছে। র‍্যাবের হাতে আটককৃত মাদক কারবারিদের আদালতে পাঠানোর পর আদালত তাদেরকে জেল হাজতে পাঠায় বলেও জানান তিনি। 


একাত্তর/জো