নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় বাড়ী ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে ফারুকের সাথে দেলোয়ারের বিরোধ চলছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত দুই পক্ষের মারামারি ও কুপিয়ে জখমসহ নানা ধরনের সংঘাত ঘটছে।
এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার সংঘবদ্ধ হয়ে ফারুক ও তার বড় ভাইয়ের বসতঘর, একটি ফার্নিচার ও একটি মুদী দোকানে আগুন দেয়। এসময় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করে আরও পাঁচটি ফার্নিচারের দোকান। এসময় আহত হয় শাবানা, হারুন ও মুন্নী নামে তিনজন।
ফারুকের দাবি, দেলোয়ার তাদের বাড়ি নির্মাণের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদার টাকা না পেয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। দেলোয়ারের বিরুদ্ধে পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ তোলেন তিনি।
অপরদিকে দেলোয়ারের দাবি, ফারুক ও তার ভাই-বোনেরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তারা এলাকার যুবসমাজকে ধ্বংস করছে।
আরও পড়ুন: ফতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
এ ঘটনার প্রতিবাদ করায় ফারুক ও তার লোকেরা তার আত্মীয় শরীফ, রাজন, সুমন, জাকির, ইলিয়াসসহ সাতজনকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান, গোলাকান্দাইলের ঘটনায় পরিস্থিতি শান্ত করার চেষ্টায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাবার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে