নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখলে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের কথা বলে এক ব্যক্তির ঘরবাড়ি ভেকু মেশিন দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এসময় তারা লুটপাটও চালায় এবং বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত করে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় এই ঘটনা ঘটে।
ভুত্তভোগী সেলিম মিয়া জানান, ওই এলাকায় দেড়যুগ আগে ১২ শতাংশ জমি কিনে বসবাস করেন তারা। এই জমিটি কব্জা করতে রাজধানীর বাসিন্দা জনৈক লুৎফর ও র্যাবের ইন্সপেক্টর পরিচয়দানকারী মজিবর বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসী দিয়ে তাদের হয়রানি করে আসছে।
তিনি আরও জানান, সকালে লুৎফর ও মজিবর তাদের লোকজন নিয়ে তাদের বাড়ি ভেঙে দিতে ভেকু মেশিন নিয়ে হাজির হয়। এসময় তারা এলাকায় প্রচার করে র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে এসেছে এবং আদালতের নির্দেশে তারা এই অভিযান চালাচ্ছেন। এই ভাঙচুরকালে তারা বাড়ির মূল্যবান মালামাল লুটে নেয় এবং ভাঙচুর বন্ধের অনুরোধ করতে এলে তারা বাড়ির তিন সদস্যকে মারধরও করেন বলে জানান তিনি।
পরে সেলিম মিয়া ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এসময় কৌশলে সটকে পরে র্যাব পরিচয়দাতা মজিবর।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
হামলাকারী লুৎফরের দাবি, ২০০১ সালে ৩৯ শতাংশ জমি কিনে তিনি নিয়মিত খাজনা খারিজসহ সব কিছু পরিশোধ করে আসছেন। তিনি বিদেশে থাকায় ওই জমির কেয়ারটেকার সেলিম তার বাড়ি কব্জা করেন। তাই ভেকু দিয়ে তাদের অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করেছেন তিনি।
তবে র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয় প্রদানের বিষয়টি অস্বীকার করেন লুৎফর।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, জরুরী সেবা নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জমির মালিকানার বিষয়টি দেখার এখতিয়ার আদালতের। বাড়িঘর ভাঙা ও মিথ্যা পরিচয়দানের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো