সন্ত্রাসীদের হামলায় গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে অন্তত দুইটি ট্রাকে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে একই সময়ে দুটি স্থানে অতর্কিতে এই ঘটনা ঘটায় বিক্ষোভকারীরা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের উপর কলা বোঝাই একটি ট্রাকে আগুন দেয় বিক্ষোভকারীরা। এসময় সড়কে টায়ার পুড়িয়ে অবরোধও তৈরি করে তারা। ফলে আধঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: সালিশে সংঘর্ষ বেধে একজন নিহত
এদিকে, একই সময়ে জেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের দাতারাম পাড়া রাস্তার মাথায় একদল পাহাড়ি যুবক পাথর বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকের অধিকাংশই পুড়ে গেছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে জেলার গুইমারার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসীত গ্রুপের গুইমারা উপজেলা সংগঠক অংথোই মারমা।
একাত্তর/জো