নারায়ণগঞ্জে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন

পোশাক শ্রমিকদের কল্যাণে নারায়ণগঞ্জে যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) নগরীর জামতলায় এই কেন্দ্রটির উদ্বোধন করেন বিজেএমই’র সভাপতি ফারুক হাসান।

এসময় বিজিএমইএ’র অন্যতম পরিচালক নিলা হোসনে আরাকে ধন্যবাদ জানিয়ে ফারুক বলেন, নিলা তার নিজ বাসার জায়গা ছেড়ে দিয়ে এই মেডিক্যাল কেন্দ্রটি করেছেন। তার সহযোগিতা না পেলে হয়তো এই সেন্টারটি করতে আমাদের আরও দেরি হতো। 

অনুষ্ঠানের আয়োজক ক্রোনি গ্রুপকে  ধন্যবাদ জানিয়ে ফারুক বলেন, তৈরি পোশাকশিল্পের সুদূরপ্রসারী কল্যাণ ও লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নারায়ণগঞ্জে এই যক্ষ্মা নির্ণয় কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

তিনি জানান, গত ২০০৯ সালের ২৮ জুন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। ১৩ বছরে অর্থাৎ ২০২২ সালের জুন মাস পর্যন্ত ঢাকা, বিজিএমইএ নারায়ণগঞ্জ, গাজীপুর, কোনাবাড়ি, আশুলিয়া, হেমায়েতপুর এবং চট্টগ্রামে মোট ১১টি  যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে বিভিন্ন পোশাকশিল্প কারখানার ১৪ হাজার ২০৫ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৫০১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন, বাকিরা চিকিৎসা নিচ্ছেন। 

আরও পড়ুন: ২০ বছর ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

তিনি আরও জানান, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে শ্রমিক, ম্যানেজার এবং সুপারভাইজারদের নিয়ে ১০৮৯ টি যক্ষ্মা সংশ্লিষ্ট সচেতনতামূলক ওয়ার্কশপ করা হয়েছে। যেখানে ৫৩ হাজার ৭৪০ জন অংশগ্রহণকারী ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম আসলাম সানী ও চেয়ারপার্সন নীলা হোসনে আরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি