বাঘাইছড়িতে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে ডিসের তার দিয়ে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাঘাইছড়ি থানা পুলিশ। 

জানা গেছে, নিহত শাকিল হোসেন (২৩) আনসারের ২০তম ব্যাচের সদস্য। তিনি ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। তিনি ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। দাপ্তরিক কাজে ঢাকায় আছেন জানিয়ে তিনি বলেন, খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আরও পড়ুন: বাবা-ছেলে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধারনা গভীর রাতে কোনো এক সময় ডিসের তার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে শাকিল আত্মহত্যা করেছেন। তবে  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এদিকে, আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একাত্তর/এসজে