চট্টগ্রামের দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশার এক চালক খুন হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম ইকরাম হোসেন। তিনি বাড়বকুণ্ডের নতুন পাড়া এলাকার নুরুল আফসারের ছেলে।
নিহতের মামা মো. লিটন জানান, রাতে কুমিরা বাজার থেকে যাত্রী নিয়ে সীতাকুণ্ড আসার পথে ফকিরহাট এলাকায় যাত্রীবেশী দুই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে এলাকার অন্য এক পরিচিত অটোরিকশাচালক ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনা: ‘গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক’
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, ইকরাম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
একাত্তর/এসি