দুই বোনের আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে জেলার আড়াইহাজার থানায় বাবার সাথে অভিমান করে দুই বোন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী দুই বোনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। 

তারা হলেন- ওই এলাকার গোলাম মোস্তফার মেয়ে মোছা. পারুল আক্তার (১৭) ও মোছা. শাহনাজ আক্তার (১৬)। তারা আড়াইহাজার সফর আলী কলেজের শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কীটনাশক পানের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই বোনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। তাদের পাকস্থলী ওয়াশ করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

দুই তরুণীর মা সিমা আক্তার সংবাদ পেয়ে হাসপাতালে এসে বলেন, তার স্বামী গোলাম মোস্তফা একজন এমবিবিএস চিকিৎসক। তার সঙ্গে সাত বছর আগে পারিবারিক কলহের জের ধরে বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর স্ট্রোক করে প্যারালাইজড ও বাকপ্রতিবন্ধী হয়ে যায়। 

সিমা আক্তারের অভিযোগ, তারপর থেকে মানসিকভাবে মেয়েদের যন্ত্রণা দিয়ে আসছিল। এজন্য হয়তো মেয়েরা আত্মহত্যার চেষ্টা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার। 


একাত্তর/এসজে